০৭ জুলাই ২০২৬, ১৬:১৯

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জানাজায় অংশ নিয়ে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দিন পাটোয়ারী  © সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে এমন দৃশ্য দেখা গেছে। 

ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় একটি বাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী。 বাকেটটিতে ছোট ছোট প্যাকেটে বেশ কিছু খাবার ছিল, যা তিনি জানাজা ও শোকযাত্রায় অংশ নেওয়া সাধারণ নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিতরণ করছিলেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে খাবার গ্রহণ করেন, তবে প্যাকেটের ভেতরে কী ধরনের খাবার ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ইরানে যান এনসিপির এই শীর্ষ নেতা।

এদিকে, চার মাস আগে নিহত হওয়া সর্বোচ্চ নেতা আলী খামেনির মরদেহ আজ মঙ্গলবার হেলিকপ্টারযোগে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে এসে পৌঁছেছে। তার শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন বিপুলসংখ্যক মানুষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কোম শহরে শোকযাত্রা শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে।

এর আগে রাজধানী তেহরানের 'ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষের উপস্থিতিতে টানা কয়েক দিন খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, এই শোকযাত্রায় মানুষের বিপুল উপস্থিতি ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার ঐতিহাসিক সমাবেশের সঙ্গে তুলনীয়।