এনসিপির সমাবেশে ককটেল হামলার প্রতিবাদ জামায়াতের, দ্রুত গ্রেফতারের দাবি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান এবং প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গত ৬ জুলাই সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে এই ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে। এতে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা।
তিনি অভিযোগ করেন, সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তীতে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এর সাথে প্রশাসন জড়িত এবং তাদের যোগসাজসেই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, একটি সুস্থ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সকল দলের শান্তিপূর্ণ সহাবস্থান। রাজনীতিতে সহিংসতা ও বোমাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একই সাথে, বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য ও হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান।