০৬ জুলাই ২০২৬, ১৮:৩১

যে কারণে জামায়াতকে ধন্যবাদ দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা  © সংগৃহীত

জামায়াতে ইসলামীর দলগতভাবে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এটিকে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে আছে। এর মাধ্যমে এটি আমাদের দেশেও চালু হলো।

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‌শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে অবশ্যই কোনও বাধা নেই। তিনি ফিরবেন, সারেন্ডার করবেন এবং জামিন চাইবেন। সেটা আমাদের নরমাল সিআরপিসি প্রক্রিয়া। দেশে ফিরলে অবশ্যই তিনি এগুলো ফলো করবেন।

জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের পরিকল্পনা নিয়ে কাজ করে থাকে তাহলে মন্ত্রণালয়গুলো কোথায় কী ভুল করছে; তারা যদি সেই ফিডব্যাক দেয়, কী করলে ভালো হয়, আমার মনে হয় অবশ্যই ছায়া মন্ত্রিসভা সাধুবাদ পাওয়ার যোগ্য।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ উপজেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।