০৩ জুলাই ২০২৬, ১৬:৪৩

আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ  © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল সরকারি কলেজের ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিয়াজ খান, সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রসুল শোয়েব এবং পৌর ছাত্রদল নেতা রেদোয়ান মজিদ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা একত্রিত হয়ে সম্প্রতি যুবদলের শোভাযাত্রায় হামলা চালায়। ওই হামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হন এবং ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে ।