ঢাবির শেখ মুজিবুর রহমানের নাম বদলে হাদির নামে হল চান না রাশেদ খাঁন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবির বিরোধিতা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এ ইস্যুতে ছাত্রশিবিরের কয়েকজন নেতার পূর্ববর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম ও এস এম ফরহাদ যখন ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেন, তখনও শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে জানতেন। এরপরও কেন সেই স্লোগান দেওয়া হয়েছিল এবং এখন কেন শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তনের দাবি তোলা হচ্ছে—এ প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে তিনি আরও দাবি করেন, এস এম ফরহাদ ছাত্রলীগে যোগ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই। গণঅভ্যুত্থানের পর এমন কী পরিবর্তন ঘটেছে যে তিনি এখন শেখ মুজিবুর রহমানের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জনক হতে চাচ্ছেন?
‘শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ এমন প্রশ্ন উত্থাপন করে তিনি আরো লেখেন, ‘প্রকৃতপক্ষে শিবির শেখ মুজিবুর রহমানের থেকে শহীদ ওসমান হাদিকে বড় করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে আরো প্রাসঙ্গিক করে তুলছে। আর ওসমান হাদিকে আরো হালকা করছে।’