২৯ জুন ২০২৬, ১১:৫৫

অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ প্রস্তাব দেন তিনি।

সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহবান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশে অর্থবছর চলে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করার আহবান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আমাদের ফিসকাল ইয়ার জুলাই থেকে জুন। জুনে বর্ষা, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থাকে। তাই ফিসকাল ইয়ারকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে সমন্বয় করলে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও আর্থিক পরিকল্পনায় সমন্বয় আসবে। এতে প্রশাসনিক কার্যক্রমও কার্যকর হবে।’

আরও পড়ুন: বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

এ সময় তার বক্তব্যে ঢাকা-সিলেট মহাসড়কের দুরবস্থার কথা তুলে ধরেন তিনি। জামায়াত আমির বলেন, ‘এখানে এমনভাবে কাজ চলছে, মনে হচ্ছে তাজমহল জাতীয় কিছু হবে। ধীরগতিতে কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও এর অভিজ্ঞতা নিয়েছেন। আশা করি দ্রুত এর সমাধান হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যশোর-খুলনা-সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় আছে। এটি সমাধান হয়নি দীর্ঘদিনেও।’ তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আহবান জানান।