২৮ জুন ২০২৬, ১৯:৪৭

ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু ও তার পিএস আবু সালেহ মোহাম্মদ গোফরান  © সংগৃহীত

ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ নিয়ে বিতর্কের মধ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বরখাস্তের আদেশ ২৬ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।

সম্প্রতি সচিবালয় থেকে অনুমোদিত সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তালিকার দুটি স্থানে সংসদ সদস্যের এক মেয়ের নাম রয়েছে—এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়।

গত শুক্রবার (২৬ জুন) ভাইরাল হওয়া ওই চিঠিতে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২১ জনের নামে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান মঞ্জুরের অনুমোদন দেওয়া হয়েছে।

তালিকার ১ ও ৮ নম্বরে ‘ফাইজা’ নামে দুজনের নাম রয়েছে। প্রথমজনের পিতার নাম ‘মো. বাচ্চু’ এবং দ্বিতীয়জনের পিতার নাম ‘মো. আতাউর’ উল্লেখ করা হয়েছে। উভয়ের জন্যই ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, এই দুটি নামই সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের।

এছাড়া তালিকায় নড়াইল সদর উপজেলার ১০ জন উপকারভোগীর মধ্যে ৯ জন সংসদ সদস্যের জন্মস্থান হবখালী ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে লোহাগড়া উপজেলার ১১ জনের মধ্যে ৭ জন তার শ্বশুরবাড়ি লাহুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।