২৪ জুন ২০২৬, ১৬:৫৮

সংসদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রস্তাব

জাতীয় সংসদ অধিবেশন  © সংগৃহীত

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম জাতীয় সংসদে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রস্তাব জানিয়েছেন। বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় বাজেটের ২য় অধিবেশনে তিনি এই প্রস্তাব করেন।

অধ্যক্ষ মো. আব্দুল আলিম বলেন, আমি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রস্তাব করছি। এছাড়া বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা, বোর্ডের প্রাপ্য টাকা পরিশোধ করার দাবি উত্থাপন করছি। পাশপাশি ইবতেদায়ী প্রতিষ্ঠান জাতীয়করণ ও প্রাথমিক শিক্ষার সমপর্যায়ে নিয়ে আসার প্রস্তাব জানান তিনি। 

এর আগে, গত ১৮ জুন জাতীয় সংসদে একই দাবি জানান কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিও জানিয়েছেন তিনি।