২৩ জুন ২০২৬, ২০:৫৬

হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির

জামায়াত আমির  © সংগৃহীত

জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বিপ্লবের প্রতীক শরিফ ওসমান হাদিকে হত্যা চালানো হয়েছে। তার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেয়া হয়নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে—জনগণ জানতে চায়।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় তিনি বলেন, মাত্র দুই দিন আগে, ছাত্রশিবিরের একজন তরুণ নেতাকে গলা কেটে প্রকাশ্যে ফ্যাসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে হত্যা করা যাবে না। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা দিয়েছেন নির্মূল করবেন। অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন, তারা নিজেরাই আজ নির্মূল হয়ে গেছে। নির্মূল, নির্মূল বেশি করবেন না—এটা এক ধরনের ভাইরাস। এই পেশিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস। এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।

তিনি বলেন,  নির্বাচনের সময় তারা বলেছিল, তারা নির্বাচিত হলে যতগুলো খুন হয়েছে, যত নির্যাতন হয়েছে—সবগুলোর বিচার করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না। বরং আপনারা শুনেছেন, চার মাসে ৬০০ জনেরও বেশি মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। দুঃখজনক বিষয় হলো, এই দলটি নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের প্রতি নিজেদেরই কোনো দায় ও দরদ নেই, তাদের ২০ কোটি মানুষের প্রতি কী দায় ও দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।

তিনি আরও বলেন, লজ্জার বিষয় হলো, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে তারা এখন রাজপথে একক আধিপত্য কায়েমের চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয়-কলেজ—সব জায়গায় দলীয় অনুগত লোকদের বসানো হয়েছে। জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি খেলার মাঠও দলমুক্ত রাখতে পারেনি। এইভাবে তারা কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।