২২ জুন ২০২৬, ২১:৩৩

আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান

কথা বলছেন মো. আমানউল্লাহ আমান  © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তাদের যেকোনো ধরনের মিছিল, শোডাউন বা রাজনৈতিক তৎপরতা রাজপথে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান দুই সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল।

এই ইস্যুতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেছেন, তারা (ছাত্রলীগ নেতাকর্মীরা) দৌড়াচ্ছে আর স্লোগান দিচ্ছে ‘শেখ হাসিনার ভয় নাই, এই রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। আমরাও বিশ্বাস করি যে, শেখ হাসিনা আসলে বাংলাদেশ হাসবে তবে, সেই শেখ হাসিনা আসামি হিসেবে আসবে এবং বাংলাদেশের মানুষ হাসবে। সেই শেখ হাসিনা আসবে, তার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় কার্যকর হবে এবং বাংলাদেশের মানুষ হাসবে।

আজ সোমবার (২২ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করেন।

আমানউল্লাহ আমান বলেন, ছাত্রলীগের মিছিল গুলো যে স্টাইলে হচ্ছে দেখা যায় যে, পুলিশ দেখবে না, ছাত্রদল-যুবদল কেউ দেখবে না। দোকানদার দোকানের শাটার খোলার আগেই তারা দৌড় দেবে।

‘‘যেই নির্বোধরা দৌড়াচ্ছে খেয়াল করে দেখবেন এরা কিন্তু হাসিনার সময় কম সুবিধাভোগী ছিল। যে দানবরা বাংলাদেশের মানুষের শ্রমের হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন টাকা বাইরে পাচার করেছে সেখান থেকে তাদের কিছু টাকা পয়সা দিচ্ছে আর এরা দেশে লাফাচ্ছে’’।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক করে আমান বলেন, ওনাদের প্রতি অনুরোধ থাকবে, আগামীকাল ২৩শে জুন যারা চেতনার বাণিজ্য করতে রাস্তায় নামে তারা অনিবার্যভাবে বিপদের মধ্যে পড়বে। বাংলাদেশের মানুষ তাদের বর্বরতার কথা ভুলে যায় নাই। বাংলাদেশের মানুষের বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নিয়ে প্রচলিত কথা আছে স্মৃতিশক্তি দুর্বল কিন্তু এত বেশি দুর্বল হয় নাই যে আমরা শাপলা চত্বরের কথা, জুলাইয়ে পাখির মতো ৭৮ জন শিশুকে যে হত্যা করা হয়েছে সেই চিত্র ভুলে যাব। ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী যে শাহাদাত বরণ করেছে সেটা আমরা ভুলে যাই নাই।

‘‘আমাদের ভাইদের রক্তের পবিত্র ঋণ পরিশোধ করার জন্য জাতীয়তাবাদী শক্তি রাস্তা থাকবে। এখন থেকে যতক্ষণ পর্যন্ত এরা রাস্তায় নামতে পারে এই সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা সেকেন্ড ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় থাকবে। এদেরকে এক সেকেন্ডের জন্য রাস্তায় কোনো ধরনের অবস্থান নিতে দেওয়া হবে না ইনশাল্লাহ।’’