রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যুবদলের পদবঞ্চিতরা
কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, পদ বাণিজ্য, রাজনীতিতে দীর্ঘদিন অনিয়মিত ও অযোগ্যদের পদায়ন ও অপরদিকে রাজপথের পরীক্ষিত, ত্যাগী, জেল জুলুমের স্বীকার, নির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে কমিটি করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) রুহুল কবির রিজভী আহমেদের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি যোগ্যদের স্থান দিতে তার সহযোগিতা চেয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতারা।
সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রিজভী আহমেদের ধানমন্ডির সরকারি বাসভবনে সাক্ষাৎ করে একটি অভিযোগ পত্র দাখিল করেন পদবঞ্চিত নেতারা।
অভিযোগে পদবঞ্চিত নেতারা জানান, সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, পদ বাণিজ্য রাজনীতিতে দীর্ঘদিন অনিয়মিত ও অযোগ্যদের পদায়ন ও অপরদিকে রাজপথের পরীক্ষিত,ত্যাগী,জেল জুলুমের স্বীকার, নির্যাতিত ও রাজনীতিতে নিয়মিত যোগ্য যুবদল নেতাদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। তারা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও পদ বাণিজ্যের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অযোগ্যদের বাদ ও যোগ্য, রাজপথের ত্যাগী যুবদলের নেতাদের দ্রুত সময়ের মধ্যে পদায়ন করতে রিজভী আহমেদের সহযোগিতা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, মো. দুলাল হোসেন, যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ মাসুদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন দেওয়ান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সদস্য সেলিম হোসেন মুন্না আকন্দ, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ।
ঢাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু, আরিফুল ইসলাম আরিফ, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, তুষার, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, সাবেক ছাত্রদল নেতা স্বপন মন্ডল, রবিউল হাসান আরিফ, মহিবুল্লাহ জয়, খশরু আহমেদ হিরন, জহিরুল ইসলাম দিদার, খলিলুর রহমান জনি, নজরুল ইসলাম নাহিদ, নজরুল ইসলাম নজরুল, দুলাল মাতব্বর প্রমুখ পদবঞ্চিত নেতা।