২২ জুন ২০২৬, ১৪:১৯

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ  © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি হিসেবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। 

আজ সোমবার (২২ জুন) আইসিএপিপি-এর মহাসচিব এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে তাঁর নাম প্রস্তাব করেন। এই মনোনয়নকে আন্তর্জাতিক পরিমন্ডলে বিএনপির কূটনৈতিক সফলতা এবং রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর ফলে এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বহুপাক্ষিক সংলাপ ও যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে আইসিএপিপি-এর ৪৫তম স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভায় মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, সুশাসন ও গণতন্ত্র জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত আইসিএপিপি মূলত এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে কাজ করা একটি আন্তর্জাতিক ফোরাম। এর আগে বিএনপি’র পক্ষ থেকে সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান (২০০৪-২০০৫) এবং বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (২০০৬-২০০৯) এই পদে দায়িত্ব পালন করেছিলেন।