২১ জুন ২০২৬, ১৮:৩১

জাইমা রহমানকে নিয়ে কটূক্তি, আখাউড়ায় শিবির সমর্থকের বিরুদ্ধে মামলা

অভিযুক্ত সাবিদুল ইসলাম সিয়াম  © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিবির সমর্থকের বিরুদ্ধে আখাউড়া থানায় দুইটি মামলা দায়ের করেছে ছাত্রদলের নেতারা। রবিবার (২১ জুন) দায়ের করা এই মামলায় আসামী করা হয়েছে সাবিদুল ইসলাম সিয়াম নামে এক শিবির সমর্থককে। যদিও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শিবিরের কর্মী বললেও স্থানীয় শিবিরের দাবি তিনি শিবিরের কর্মী নন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

মামলার বাদী আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ মিয়া বলেন, আমাদের জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক আইডি থেকে অবমাননাকর পোস্ট করা হয়েছে, যা ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি সারাদেশে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অপর মামলার বাদী ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রিফাত।

এ ব্যাপারে আখাউড়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল বলেন, জাইমা রহমানকে নিয়ে অশ্লীল পোস্ট দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সেন্ট্রাল ছাত্রদলের নির্দেশে থানায় অভিযোগ দিয়েছি। আসামি গ্রেফতার না হলে আমরা আন্দোলনে নামবো। তিনি আরও বলেন, অভিযুক্ত ফেইসবুক আইডিটির মালিক সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুরের বাসিন্দা। 

অভিযুক্ত সাবিদ শিবির কর্মী কি-না জানতে চাইলে জেলা শিবির সভাপতি জুলফিকার হায়দার রাফি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাবিদ শিবির কর্মী নয়, তবে সে শিবিরকে সাপোর্ট করে। এমন পরিস্থিতিতে সে যদি আমাদের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে সহায়তা চায়, আমরা তাকে আইনিভাবে সহযোগিতা করব।

এদিকে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে, সাবিদুল ইসলাম সিয়াম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, এই কাজ আমি করিনি তবে আমার নামে যেহেতু এটা ছড়ানো হয়েছে, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানসহ বিএনপির সকলের কাছে ক্ষমাপ্রার্থী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।