২১ জুন ২০২৬, ১৭:৩০

সংসদে নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় সংসদে এবার কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ কথা জানান তিনি। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে খোন্দকার আবু আশফাক বলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কি ছিল?’

সেসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। তা ছাড়া এখনো কিন্তু তিনি (মামুনুল হক) তার অবস্থান পরিষ্কার করেন নি। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না।’

রোববারের অধিবেশনে মামুনুল হককে নিয়ে খোন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার। একই সঙ্গে একজন রাজনৈতিক নেতার জীবনের ‘অন্ধকার অংশ’ নিয়ে নিজের মন্তব্যও কার্যবিবরণী থেকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

এসময় স্পিকার বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া নিয়ে দুই-একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত।’

স্পিকার আরও বলেন, ‘যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছি।’

নিজের মন্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘আমারও একটি বক্তব্য উল্লেখ করেছিলাম—বলেছিলাম কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্যে এসেছিল। সে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, এটিকেও এক্সপাঞ্জ করা হল।’

ভবিষ্যতে বাজেট আলোচনা ও অন্যান্য বক্তব্যে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি।’