২১ জুন ২০২৬, ১৬:৩৫

আমি থাকব বাঘের সাথে, রাশেদকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’র পাশে

পীরজাদা হানজালা ও রাশেদ খান  © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনার জবাব দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। বিএনপি নেতা রাশেদ খান তাকে চিড়িয়াখানায় রাখতে বলার প্রেক্ষিতে হানজালার মন্তব্য, চিড়িয়াখানায় গেলে সঙ্গে রাশেদ খানকেও নিতে চান তিনি।  রবিবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুকে তিনি লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে—বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ—গরুটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে!’


উল্লেখ্য এর আগে এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি আরও বলেছিলেন, হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে ওরাই ক্ষমতায় আর বিএনপি বিরোধীদলে। বিএনপির দুর্ভাগ্য যে, এদের হজম করা লাগছে। রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত ঐ বিএনপি নেতা এমপি নামক অদ্ভুত প্রাণীটাকে কানের নীচে দুই পাঁচটা লাগিয়ে দিতো।