কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ–ইনু) সহসভাপতি মোশাররফ হোসেন (৭৮) অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ রবিবার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: ‘গাছের সঙ্গে ঝুলাবো, আপনারা পেটাবেন’ বলা সেই অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
জীবন ও রাজনৈতিক ইতিহাসে মোশাররফ হোসেন একাধিক গুরুত্বপূর্ণ অবস্থান ও দায়িত্বে ছিলেন। ১৯৬০-এর দশকে তিনি অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের শেষ পর্যায়েও তিনি সক্রিয় ছিলেন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সহকর্মী এবং বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি আজীবন রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।