আপা এসে গেল বলে ‘সুড়সুড়ি’ দিচ্ছেন, একবার এসেই দেখুন: জামায়াত আমির
মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একসময় দম্ভ করে বলতেন, “হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না”—আপনি পালিয়েছেন। আপনি অপমানজনকভাবে পালিয়েছেন। তিনি আরও বলেন, আপনি ওপার থেকে সুড়সুড়ি দেন—“এই আপা এসে গেল।” এত সুড়সুড়ির দরকার কী? একবার এসে গিয়ে দেখেন, আসাটা কাকে বলে।
আজ শনিবার (২০ জুন) খুলনায় ১১ দলীয় ঐক্যেল মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনার কোনো অনুশোচনা নেই। আপনি মানুষ খুন করলেন। আয়নাঘরে মানুষদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করলেন। অসংখ্য মানুষকে পঙ্গু করলেন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করলেন। ব্যাংক, বীমা, শেয়ার মার্কেট লুণ্ঠন করলেন। অর্থ বিদেশে পাচার করলেন। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই।
বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কী হতে পারে, দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না।
তিনি আরও বলেন, সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের বিজিবি সদস্যরা সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের ২০ কোটি মানুষ।অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে।