২০ জুন ২০২৬, ১৯:৫৮

ইসলামী ব্যাংক থেকে নেওয়া ২ কোটি টাকা ঋণ নিয়ে মুখ খুললেন শফিকুল ইসলাম মাসুদ

শফিকুল ইসলাম মাসুদ  © সংগৃহীত

ইসলামী ব্যাংক থেকে দুই কোটি টাকা ঋণ গ্রহণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তার ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। 

সাক্ষাৎকারে নির্বাচনের আগে বিনা জামানতে আপনার স্ত্রী ইসলামী ব্যাংক থেকে ২ কোটি ৫২ লাখ টাকা ঋণ নিয়েছেন, আসলেই কি বিষয়টা এমন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ঋণ নিয়েছেন। আমার স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ। অত্যন্ত নিয়ম মেনেই তিনি এই হোম লোন নিয়েছেন। একটা ব্যাংক থেকে একজন চক্ষু বিশেষজ্ঞ, তার এই দুই কোটি টাকার লোন নেওয়াটা তো আলোচনার মধ্যে আসার বিষয়ই না।

এর আগে, বিএনপির নেতা রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, জামায়াতের কিছু নেতা নিজেদের নামে নয়, বরং আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তিদের নামে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সাধারণ মানুষ যেখানে সহজে বড় অঙ্কের ঋণ পান না, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কেউ বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

রাশেদ খাঁনের ওই বক্তব্যের প্রেক্ষিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করছে। তিনি দাবি করেন, ঋণ গ্রহণের পুরো প্রক্রিয়া আইনসম্মত ও ব্যাংকিং বিধি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে ঋণ বিতরণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে বিভিন্ন পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে আসছে।