ক্ষমতায় আসলে খানজাহান আলী (রহ.)-এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: নাসীরুদ্দীন
রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এ বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মুসলিম ঐতিহ্য ও ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করতে হবে। বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি সরকার ৭৫ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে, তাহলে সেই সরকারের পতন ঠেকাতেও বেশি সময় লাগবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় নাগরিক পার্টি তিনটি বিষয়কে সামনে রেখে কাজ করছে—সংস্কার, বিচার এবং স্বাধীন পররাষ্ট্রনীতি। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে অতীতের দুর্নীতি, ব্যাংক লুট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ভারত থেকে বাংলাদেশে লোকজন পুশ-ইনের চেষ্টা চলছে। নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করছে।