১৭ জুন ২০২৬, ১৭:৪৫

জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান  © সংগৃহীত

জাতীয় সংসদে বাংলা ও ইংরেজি মিলিয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খানের পাশে দাঁড়িয়েছেন বিরোধী শিবিরের সংরক্ষিত নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ। পাশাপাশি বিএনপির আরেক সংসদ সদস্য মানসুরা আক্তার ফেসবুক পোস্টের মাধ্যমে জেবা আমিনা খানের পোশাক ও ভাষার ব্যবহার নিয়ে কটাক্ষকারীদের তীব্র সমালোচনা করেছেন।

আজ বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত নেত্রী মারদিয়া মমতাজ লেখেন, ‘একজন বক্তার বক্তব্যের বিষয়ের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে। সে নিয়ে আলাপ করুন। তার পোশাক বা ভাষা নিয়ে কথা বলা একে অপ্রয়োজনীয়, উপরন্তু এতে আপনার নিজের বুঝবুদ্ধি রুচিই প্রকাশ পায়।’

জেবা আমিনা খানের প্রবাস জীবনের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এমপি জেবা আমিনা খান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার ভাষায় বাংলা ইংলিশ মিশবে, এটা স্বাভাবিক। তিনি যে বিষয় নিয়ে আলাপ করেছেন, তার বিষ্ময় যে বিষয়ে সেটা সত্যিই দুঃখজনক বিষয়। শয়ে শয়ে কিলোমিটার কাঁচা রাস্তা, এসব জায়গায় শুধু সাধারণ মানুষের কষ্ট হয় তা না। সরকারি সেবাও সেখানে পৌঁছুতে দেরি হয়।” কটাক্ষকারীদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, ‘যে পুরুষেরা এমনকি নারীরাও, এভাবে জনসমক্ষে অন্য নারীর পোশাক, কথা নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার মায়া হয়।’

এদিকে একই ইস্যুতে আজ ভোরে নিজের ফেসবুক আইডিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য মানসুরা আক্তার। সিলেক্টিভ প্রতিবাদের সমালোচনা করে তিনি লেখেন, ‘দুইদিন আগে ‘পার্সোনাল ফ্রিডম’ সংক্রান্ত আলাপে ‘পোশাক অবমাননা’ হয়েছে বলে ব্যাপক চেঁচামেচি করে আজ সারাদিন সংসদ সদস্য জেবা আমিনা খানের পোশাক নিয়ে অসভ্যতা করে গেছে।’

বিভিন্ন প্রগতিশীল মঞ্চ ও নিরপেক্ষ দাবিদার নারীবাদীদের নীরবতাকে খোঁচা দিয়ে মানসুরা আক্তার আরও বলেন, ‘নিশ্চয়ই অমুক মঞ্চ তমুক মঞ্চের ‘প্রতিবাদের’ ধ্বজাধারীরা বা ‘নিরপেক্ষ- নট শিবির’ নেত্রীদের এ ব্যাপারে বড় বড় কলামও আসবে না। রক্ষাই হলো আমাদের। এসব আবর্জনাময় সিলেক্টিভ প্রতিবাদ যত কম সামনে আসে, তত চোখের শান্তি।’

উল্লেখ্য সংসদে কাঁচা রাস্তা নিয়ে করা বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিনা খানের যৌক্তিক বক্তব্যকে আড়াল করে কেবল তার বাচনভঙ্গি ও পোশাক নিয়ে ‘ট্রল’ করায় রাজনৈতিক ও সামাজিক মহলে এই দুই নারী সংসদ সদস্যের অবস্থান এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।