১৬ জুন ২০২৬, ১৫:৫৭

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

এনসিপি লোগো  © সংগৃহীত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তাঁর সহধর্মিণী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে হেনস্থার তীব্র  নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এই ঘটনার জন্য ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত ও বিদেশে পলাতক ‘আওয়ামী সন্ত্রাসী’দের দায়ী করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু আ. লীগের সমর্থকরা তাকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদেশের মাটিতে বসে দেশের জাতীয় ব্যক্তিত্বদের ওপর এ ধরনের ত্রাস সৃষ্টি প্রমাণ করে যে, পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ন করার এক মরিয়া চেষ্টা।

এই ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনটির পক্ষ থেকে ৩টি জোর দাবি জানানো হয়েছে। 

প্রথমত, কলকাতায় সংগঠিত এই ঘটনার সাথে জড়িত পলাতক সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত করে ভারত সরকারকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, বিদেশের মাটিতে অবস্থানরত সকল পলাতক চিহ্নিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। এবং তৃতীয়ত, হেনস্থার শিকার মোশাররফ করিম ও তাঁর স্ত্রীর যথাযথ নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তির শেষে জাতীয় নাগরিক পার্টি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানায়, দেশের ভেতরে কিংবা বাইরে—যেখানেই হোক না কেন, কোনো নাগরিকের ওপর ফ্যাসিস্ট শক্তির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আস্ফালন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন এবং নাগরিকদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সর্বদা আপসহীন থাকবে।