দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্ব কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নবগঠিত যুবদল কমিটি সারা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির এটিই ছিল প্রথম কর্মসূচি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির মাধ্যমে যুবদল নতুন উদ্যমে সারা দেশে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সবার আগে বাংলাদেশ—এই ভিশন বাস্তবায়নে যুবদল অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমরা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া আমাদের নেত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। সারা দেশে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দেশের কল্যাণে কাজ করবে যুবদল।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো যুবক ও তরুণদের সামনে নিয়ে আসা। কারণ তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব তারা সফলভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের নেতা ও ডায়নামিক লিডার তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে।’
এদিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে যুবদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এদিকে যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর প্রথম বড় কর্মসূচি হওয়ায় রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে।
সরেজমিনে দেখা গেছে, কর্মসূচিতে অংশ নিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জিয়া উদ্যানে আসেন। সবার মধ্যে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাধিস্থল এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। হাজার হাজার নেতাকর্মী জিয়া উদ্যানের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু বলেন, ‘নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি হিসেবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বিপুল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যুবদল আজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। নতুন কমিটি সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ‘
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় যুবদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।