কাফনের কাপড় বেঁধে আ.লীগ-ছাত্রলীগের মিছিল
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে যশোরের কেশবপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উপজেলার ভান্ডারখোলা বাজারে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের সংগঠনের ওপর আরোপিত 'অবৈধ' নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সদস্য মাসুদুজ্জামান মাসুদ।
ঘটনার বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, বৃহস্পতিবার স্থানীয়ভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। মিছিলকারীদের শনাক্ত করে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যশোরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে এবং এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগেই কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষক লীগের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের জানায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণেই তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।