কাল বাজেটের প্রতিক্রিয়া জানাবে জামায়াত, সন্ধ্যায় মিছিলের ঘোষণা
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আগামীকাল শুক্রবার (১২ জুন) প্রতিক্রিয়া জানাবে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এরআগে আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীতে মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।
পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের একটি বিজ্ঞপ্তিতে জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া তুলে ধরার লক্ষ্যে আগামীকাল বেলা ১১:৩০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। উক্ত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে সংগঠনের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আজ সন্ধ্যায় ছয়টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মিছিলে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন।