০৭ জুন ২০২৬, ০০:৩১

পটুয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই দফায় বিক্ষোভ মিছিল

ছাত্রলীগের ঝটিকা মিছিল  © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা ও ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার প্রতিবাদে দুই দফায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশগ্রহণ করা নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর দেওয়া সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। 

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাউফল ঢাকা মহাসড়কে ছাত্রলীগের নেতা রাইজুল আহমেদ নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে আজ দিনের কোন একটা সময় নুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের নেতা মোরশেদুল ইসলাম শুভ'র নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, মিছিলে অংশগ্রহণ করা নেতা-কর্মীরা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হকের অনুসারী। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক আওয়ামী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

নিষিদ্ধ সংগঠনের মিছিল প্রসঙ্গে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হুটকরে ঝটিকা মিছিল বের হয়ে অল্প সময়ে তারা পালিয়ে যাওয়ায় বিষয়টা পুলিশের নজরে আসেনি। তবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান তিনি।