নোয়াখালীর এসপি ও সুধারাম থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
নোয়াখালীর এসপি ও সুধারাম থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আজ শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে তিনি লেখেন, নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বড় ধরনের মিছিল বের করেছেন। মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে ঘটনাস্থলে উপস্থিত থাকা সুধারাম থানা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সুধারাম থানার ওসি বলছেন, মিছিলের খবর আগে থেকেই টের পেয়ে পুলিশের ছয় সদস্যের একটি দল সেখানে উপস্থিত ছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা অতিরিক্ত বেশি হওয়ায় তাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
গণঅধিকার পরিষদের এ নেতা লেখেন, পুলিশ পূর্বে জানার পরও কেন প্রস্তুতি নেওয়া হয়নি? তাহলে কি সেখানে সংশ্লিষ্ট থানার ওসি ও এসপির অন্যরকম সম্পৃক্ততা রয়েছে? অভিযোগ রয়েছে টাকা দিয়ে সেখানে পুলিশকে ম্যানেজ করা হয়ে থাকতে পারে। কিন্তু পুলিশ বিষয়টিকে ভিন্ন ভাবে উপস্থাপন করছে নিজেদের অপকর্ম আড়াল করার জন্য। শুধু নোয়াখালী নয় দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে মূলত প্রশাসনের এক ধরনের নীরবতার জন্য। এই নীরবতা কেবলেই বিনিময়ের নীরবতা।
তিনি আরও লেখেন, নোয়াখালীর এসপি ও সুধারাম থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও সতর্ক থাকবে।