০৫ জুন ২০২৬, ২২:২০

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের মিছিল-সভা, সাবেক এমপি-মেয়রসহ ২৯ জনের নামে মামলা

আ.লীগের সাবেক সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি ও সাবেক চসিক মেয়র মনজুর আলম  © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে মশাল মিছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার শামসুল আলমের ছেলে মো. জামান বাবু (২৩) এবং একই এলাকার তৌহিদুল আলম মিয়ার ছেলে সাইফুল ইসলাম সজিব (২৫)।

মামলার এজাহারে বলা হয়, ৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এলাকায় নাজিরহাট–মাইজভাণ্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। তারা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা মশাল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করেছে পুলিশ।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান— সাবেক মেয়র মনজুর আলম, সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি ও অন্যান্য নেতাদের নির্দেশনা ও তত্ত্বাবধানে তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

এর আগে ৪ জুন বিকেলে ওই এলাকায় একটি ভবনে নিষিদ্ধ সংগঠনের একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায়।