সংসদ ভাতার টাকা কওমি মাদরাসায় ওয়াকফ করেছি: জামায়াত আমির
সংসদের সম্মানী ভাতা নিজের জন্য ব্যয় না করে একটি কওমি মাদরাসায় ওয়াকফ করে দেওয়ার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সরকারি কোনো সুযোগ-সুবিধা নেবো না। আমি সেটা নিচ্ছি না। কিন্তু সংসদের সম্মানী ভাতা আমাকে নিতেই হয়। এটা আমি একটি কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি।’
বুধবার রাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি কনভেনশন সেন্টারে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আল্লাহ তো সেই টাকা ছাড়া আমাকে আগেও চালিয়ে নিয়েছেন। তাহলে এখন কেন চলতে পারবো না?’
আরো পড়ুন: বিএনপি কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
জামায়াত আমির বলেন, ইসলামী ব্যাংক কোনো দলের নয়। এটা জনগণের ব্যাংক। যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ব্যাংক। আমি বলবো, যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ওপর যদি গুলি ছোড়া হয় তাহলে আমি নিজেও সবার আগে বুক পেতে দিয়ে বলবো আগে আমার বুকে গুলি চালান। তার পর গ্রাহকদের ওপর গুলি চালাবেন। এই ব্যাংক দেশের সবার।
ডা. শফিকুর রহমান বলেন, একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো, একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে?
এ সময় কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এসএম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, অধ্যাপক আনোয়ারুল করিম প্রমুখ।