০৩ জুন ২০২৬, ১৩:১১

দলীয় এমপির পরিবারের ওপর হামলা, দুদিন পর বিবৃতি দিল জামায়াত

জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপি আমির হামজা ও জামায়াতের লোগো  © টিডিসি সম্পাদিত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর হামলার দুদিন পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৩ জুন) হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

বিবৃতিতে তিনি বলেন, ‘পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে গত ১ জুন আসরের নামাজের সময় হাসাদাহ বাজারে যেভাবে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। এই হামলায় একটি জাতীয় দৈনিকের জীবননগর প্রতিনিধি ও এমপির শালা আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এমনকি নারী সদস্যদের সাথেও চরম অশোভন আচরণ ও গালমন্দ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন: খাতা লেখাতেই সীমাবদ্ধ মাধ্যমিকের ব্যবহারিক শিক্ষা 

তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে উক্ত এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ চিহ্নিত ব্যক্তিরা এ হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। একজন জনপ্রতিনিধির পরিবারই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সহজেই অনুমেয়।’

এ ছাড়া হামলার সাথে জড়িত মোস্তাক, শাহরিয়ার ও রিমনসহ সব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন: সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করতে ছোট থেকেই গড়তে হবে যে ৭ অভ্যাস

এর আগে গত ১ জুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আমির হামজার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হন বলে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।