০২ জুন ২০২৬, ১৮:৩৩

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব হারানো নিয়ে বিস্ফোরক মন্তব্য বিএনপির কেন্দ্রীয় নেতার

লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান  © সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে রাঙ্গামাটি আসনে প্রথম পূর্ণমন্ত্রী হয়েছিলেন দীপেন দেওয়ান। কিন্তু শপথের মাত্র সাড়ে তিনমাসেই শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা দেখিয়ে পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগ নিয়ে পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সহসম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান। মঙ্গলবার (২ জুন) সকালে নিজের ফেসবুক পোস্টে মন্ত্রীর পদত্যাগ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, এ মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রীত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি আসন্ন রাঙ্গামাটি জেলার চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, ১৭ ডিসেম্বর ৭১ এ রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, ৭১ এ শহীদ জিয়ার সহযোদ্ধা, ৩৬ জুলাই বিপ্লবের প্রথম সারির বীর যোদ্ধা, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহসম্পাদক, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল মনীষ দেওয়ানকে।

তিনি আরও লেখেন, পক্ষান্তরে পার্বত্য মন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জনাব দিপেন তালুকদার দিপু, সভাপতি, জেলা বিএনপিকে, যিনি জুলাই বিপ্লবে ৬ মাস রাঙ্গামাটি থেকে গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন (স্বয়ং প্রধানমন্ত্রী অবগত ছিলেন) এবং ৫ আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ও কুখ্যাত আওয়ামী নেতাদের প্রশ্র‍য় দিয়ে বিতর্কিত হয়েছেন, যা রাঙ্গামাটিবাসী সকলেই অবগত আছেন।

ফেসবুক স্ট্যাটাসে এই বিএনপি নেতা লেখেন, খুবই দুঃখজনক এই যে, সুপারিশের এই যুদ্ধে আমাদের পূর্ণমন্ত্রী পাহাড়ি বাঙ্গালীর প্রাণ প্রিয় নেতা, সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি হেরে গেছেন! শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। আমি এ বিচারের ভার দেশ প্রেমিক পার্বত্যবাসী ও দেশবাসীর উদ্দেশে নিবেদন করলাম।