নিজেকে ‘এমবাপ্পে’ আখ্যায় এনসিপিকে আসন সংখ্যা স্মরণ করিয়ে খোঁচা তাসনিম জারার
ইউরোপের ক্লাব ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করে টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। গত মৌসুমে ইন্টার মিলানকে উড়িয়ে প্রথমবার ইউরোপসেরা হয়েছিল ফরাসি জায়ান্টরা।
এদিকে পিএসজি শিরোপা জিতলেও ভিন্ন এক কারণে আলোচনায় উঠে আসছেন ফরাসির তারকা কিলিয়ান এমবাপ্পে। মূলত ফরাসি এই তারকা ক্লাবটিতে থাকাকালে অনেক চেষ্টার পরও ইউরোসেরা খেতাব জিততে পারছিল না পিএসজি। এমনকি লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়রকে ভিড়িয়ে তারকা-ত্রয়ী গড়েও সাফল্য পায়নি ক্লাবটি। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ নেওয়ার প্রত্যাশায় রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। কিন্তু লস ব্লাঙ্কোস শিবিরে পাড়ি জমিয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফরাসি এই তারকা। স্প্যানিশ জায়ান্টরাও ক্রমেই ইউরোসেরার লড়াইয়ে কার্যত পিছিয়ে পড়ে।
পিএসজি-এমবাপ্পে-রিয়াল মাদ্রিদের এমন পরিস্থিতি আর এমবাপ্পের খ্যাতির বিড়ম্বনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার প্রকৃষ্ট উদাহরণ বলেছেন নেটিজেনদের একটি অংশ। যদিও বিষয়টির সঙ্গে ভিন্নমত পোষণ করছেন তিনি। রবিবার (৩১ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমবাপ্পে এবং তার নির্বাচনি এলাকার জনগণকে ফুটবলের সফলতম ক্লাব 'রিয়াল মাদ্রিদ'র সঙ্গে তুলনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই পোস্টে অত্যন্ত চতুরতার সঙ্গে এনসিপিকে খোঁচাও দিয়েছেন তিনি।
তাসনিম জারা লিখেছেন, নিশ্চয়ই এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। আমি স্বীকার করছি যে আমি কিছুটা অবাক হয়েছিলাম। গত কয়েক মাস ধরে এই একই মানুষগুলো আমার বিরুদ্ধে কুৎসা রটানোর পর, হঠাৎ এত ভালোবাসার উৎস কোথায়? আমি ভাবলাম তুলনাটা একটু ভালোভাবে মিলিয়ে দেখি। এই গল্পে কোন দলটি পিএসজি, আর কোন দলটি রিয়াল মাদ্রিদ?
এনসিপির নির্বাচনি জোট ও তাদের প্রাপ্ত মাত্র ৬টি আসনের হিসাব টেনে তিনি যোগ করেন, এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি তো এইমাত্র টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল। আর এনসিপি একটি নতুন রাজনৈতিক সমঝোতার প্রতিশ্রুতি ত্যাগ করে জামায়াতের সঙ্গে জোট সরকার গঠন করল। আর সেই জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে: বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এবং এনসিপি ৬টি আসন। একটি চ্যাম্পিয়ন দল আর একটি ৬ আসনের দল—ঠিক মেলে না, তাই না?
জারা আরও লিখেছেন, নাকি তারা ঢাকা-৯ আসনের জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছেন? কারণ, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ঢাকা-৯ এর জনগণই আমার একমাত্র দল। আমি অবশ্যই স্বীকার করব যে ঢাকা-৯ এর জনগণকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা সত্যিই একটি বিশাল সম্মানের বিষয়।