নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের পরই শুরু হয় হামলা, আহত ৩
ঝিনাইদহে জুমার নামাজের পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
এদিকে এনসিপির এই নেতার ওপর ডিম নিক্ষেপের পরপরই হামলা শুরু হয় বলে ফেসবুক স্ট্যাটাসে জানান তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।’
তিনি আরও বলেন, ‘তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’
এ ঘটনায় মামলা করার কথা উল্লেখ করে তিনি জানান, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’