বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এম আর ইসলাম স্বাধীনকে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদর এলাকার বাসিন্দা। তাঁর পিতা আজমল হোসেন এবং মাতা রওশন আরা বেগম। ঠিকানা হিসেবে বগুড়া সদর উপজেলার মালতী নগর এলাকার বকসি বাজার সড়কের উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।