১৮ মে ২০২৬, ২৩:১৬

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত

জামায়াতে ইসলামী লোগো  © সংগৃহীত

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকা নিয়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে নাগরিক হত্যা এবং দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (১৮ মে) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জুলাই বিপ্লবের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর সুন্দরবনে গুলিতে নাগরিকের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। 

তিনি বলেন, ‘এসব ঘটনা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা এবং জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ না করার কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা জাতির মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।’

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করতে গিয়েছিল, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের কর্মীদের ভূমিকা নিন্দনীয়। প্রশাসনের উচিত ছিল অত্যন্ত দায়িত্বশীল ও শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়া। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে তিনি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলেন, বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে হত্যা, সুন্দরবনে বনবিভাগের গুলিতে জেলের মৃত্যু, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারীর মৃত্যু, নোয়াখালীতে মাদরাসা শিক্ষকের মৃত্যু, মেঘনা ঘাটে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি, শেরপুরে সংঘর্ষে মৃত্যু, মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার এবং চকরিয়া ও ঝিনাইদহে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাগুলো পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশ শাসন করায় সড়কে শৃঙ্খলা নেই এবং জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সড়কে ঝরে যাওয়া শত শত প্রাণের দায় সরকার এড়াতে পারে না উল্লেখ করে তিনি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একই সাথে সড়ক ও জনপদে শান্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।