১৮ মে ২০২৬, ২১:৫৪

জানুয়ারিতে কাউন্সিলসহ আরও যেসব পদক্ষেপ নিচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)   © টিডিসি সম্পাদিত

সম্প্রতি দল গোছানোয় মনোযোগী হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্র থেকে তৃণমূলে যোগদান করেছেন এবং যোগদানের অপেক্ষায় আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের মুখ, জুলাইয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। দলীয় শক্তি বৃদ্ধির এই ধারাবাহিকতা ধরে রাখতে বেশ কিছু পদেক্ষপ নিতে যাচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় আগামী বছর প্রতিষ্ঠার দুই বছর পূর্ণ হওয়ার আগেই কাউন্সিল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারুণ্য নির্ভর দলটি। 

দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দলের সূচনা লগ্নে মধ্যপহ্নী রাজনীতির যে বার্তা ছিলো, দলের রাজনৈতিক অবস্থানে সেটি আরও স্পষ্ট করতে চায় দলটির নীতিনির্ধারকরা। পাশাপাশি সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করতে চায় দলটি। এলক্ষ্যে গত শুক্রবার (১৫ মে) দলের সাধারণ সভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তও হয়েছে। 

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, সভায় দলীয় কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাংগঠনিক কাঠামো পরিবর্তন, কাউন্সিল আয়োজন, কেন্দ্রীয় কমিটি পুর্নগঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ ‍সিদ্ধান্ত হয়েছে। সব জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি এখনো সম্পন্ন না হওয়ায় আগামীবছর শুরুতে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত অধিকাংশ নেতা ২৮ ফেব্রুয়ারির আগেই কাউন্সিল করার পক্ষে মত দিয়েছেন। ভোটাভুটির মাধ্যমে জানুয়ারিতে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এছাড়া সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে সভায়। ‘মুখ্য সংগঠক’, ‘মুখ্য সমন্বয়ক’, ‘মুখপাত্র’, ‘মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল)’ ও ‘মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল)’ পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন কাঠামোয় দলটি আহ্বায়ক কমিটি হিসেবে পরিচালিত হবে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম সদস্যসচিব ও সদস্যরা থাকবেন। এছাড়া প্রতিটি বিভাগীয় শহরে একজন সাংগঠনিক সম্পাদক ও দুজন সহসাংগঠনিক সম্পাদক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হবে। কাউন্সিলের আগ পর্যন্ত পুনর্গঠিত কমিটিই দায়িত্ব পালন করবে। 

এছাড়া স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে নাকি এককভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ প্রসঙ্গে সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এবিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দলের কাউন্সিল আয়োজন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচ থেকে ১০ জন এবং উপজেলা পর্যায়ে পাঁচজন করে কাউন্সিলর থাকবেন। বর্তমানে উপজেলা কমিটিগুলো গঠনের কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগামী বছরের জানুয়ারির দিকে কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়।

দলীয় কাঠামো পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি ও দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে যে সাংগঠনিক কাঠামো ছিল, বর্তমান বাস্তবতায় সেখানে পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। অনেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন হচ্ছে। আবার নতুন সদস্যরাও দলে যুক্ত হয়েছেন। সবকিছু বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত সাংগঠনিক কাঠামো গড়ে তোলার চিন্তা করা হচ্ছে, যাতে সংগঠনে আরও গতিশীলতা আসে এবং দল পরিচালনা সহজ হয়।