১৮ মে ২০২৬, ১৩:৫১

এনসিপি থেকে সাগরকে বহিষ্কারের পর নতুন দায়িত্ব পেলেন দিনা

সর্দার আমিরুল ইসলাম সাগর ও সাদিয়া ফারজানা দিনা  © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম সাগরকে দল থেকে বহিষ্কারের তার স্থলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সাদিয়া ফারজানা দিনা। সোমবার (১৮ মে) দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দলটির এক বহিষ্কার আদেশে সর্দার আমিরুল ইসলামকে সরিয়ে দেওয়ার তথ্য জানানো হয়। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনাকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

সদস্যসচিব পদে সাংগঠনিক শূন্যতা সৃষ্টি হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে দলীয় সিদ্ধান্তক্রমে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটিতে দিনাকে এ দায়িত্ব দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: জন্ম একসঙ্গে, ববিতে পড়েছেন একই বিভাগে—এবার যমজ ভাই পড়বেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহিষ্কারের কথা বললেও দল থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করেছিলেন দলটির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য সর্দার আমিরুল ইসলাম সাগর। গত বছরের জুনের শুরুতে তিনি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন। এক বছর না পেরোতেই দল ছাড়লেন তিনি।

প্রসঙ্গত, সর্দার আমিরুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাত নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই। তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতা ছিলেন।