১৪ মে ২০২৬, ১৩:০৪

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ফেসবুক পোস্ট দিয়ে বখতিয়ার মাহমুদের পদত্যাগ  © টিডিসি ফটো

দীর্ঘ সাড়ে আট বছর পর ঘোষিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণার মাত্র একদিন পরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ। বুধবার (১৩ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়। বখতিয়ার মাহমুদকে দেওয়া হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব।

তবে কমিটি ঘোষণার পরদিন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন বখতিয়ার মাহমুদ। পোস্টে তিনি লেখেন, ‘স্বার্থ নয়, আদর্শের ডাকেই জীবনের সবচেয়ে সোনালী সময়টুকু উৎসর্গ করেছি এই দলের জন্য। বিদায় ছাত্রদল, আল্লাহ ভরসা!’

তার এই আকস্মিক পদত্যাগে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন, আবার কেউ ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে তার পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ এক নেতার পদত্যাগ জেলা রাজনীতিতে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।