ফ্যাসিবাদ জন্মের পক্ষে মত তৈরির অপরাধকে এখনও গোনায় আনা হয়নি: ফারুকী
ফ্যাসিবাদ জন্ম নেওয়ার পেছনে মত তৈরির কারখানাগুলোর ভূমিকা থাকলেও বাংলাদেশে সেই অপরাধকে এখনও গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে ফারুকী বলেন, ‘কনসেন্ট ম্যানুফ্যাকচার করার ইনটেলেকচুয়াল কারখানা ছাড়া ফ্যাসিজম জন্ম এবং বিস্তার লাভ করতে পারে না। আনফরচুনেটলি বাংলাদেশে এই ক্রাইমটাকে অ্যাড্রেস করা হয় নাই। এটাকে আনঅ্যাড্রেসড রাইখা সোশ্যাল রিকনসিলিয়েশন (পড়ুন নরমালাইজেশন) মানে অজগর সাপকে জড়াইয়া ধইরা শুইয়া থাকার মতো অবস্থা! ইটস নো নরমাল টাইম, ফোকস। আমরা পোস্ট-আপরাইজিংয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘মেক নো মিসটেক, আমাদের রিকনসিলিয়েশন লাগবে। কিন্তু তার শুরু হয় অপরাধ স্বীকারের মধ্য দিয়ে। কিন্তু আশে পাশে ঘুম থেকে জেগে ওঠা আপা প্রেমিদের মৃদু আলাপ শুনলে মনে হয় ১৬ বছর তো কোনো অপরাধ হয়ই নাই, বরং গণঅভ্যুত্থান নিজেই একটা অপরাধ।’
সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমাদের সবার জানা উচিত বড় বড় ঘটনা কিছু রেড লাইন টেনে দেয়। এটাকে ক্রস করতে গেলে পুড়ে যেতে হয়। ৭১ একটা বড় রেড লাইন। ২৪-একটা রেড লাইন। ৭১ বাদ দিলে বাংলাদেশে ২৪-য়ের মতো এতো বড় ঘটনা আর ঘটে নাই। ফলে রেড লাইন ক্রস করার আগে সবার একবার ভাবা উচিত।’