০৮ মে ২০২৬, ১৯:১২

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রবেশের পর মসজিদে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, আহত কয়েকজন

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রবেশের পর মসজিদে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি  © সংগৃহীত

নারায়ণগঞ্জে একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে গেছে। এতে অন্তত তিন থেকে পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এসময় মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের খুতবা শুরুর আগে বক্তব্য রাখেন তিনি।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তারা মসজিদের ভেতরেই স্লোগান দেন। একপর্যায়ে বের হওয়ার সময় তার অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন।

নাসীরুদ্দীন পাটোয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

এক মুসল্লি বলেন, ‌‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল। তারা মসজিদের ভেতরেই অনেক হুড়োহুড়ি করেন। এসময় মসজিদের গ্লাস ভেঙে অনেকের শরীরে পড়ে। এতে বেশ কয়েকজনের হাত-পা কেটে যায়। তবে আহতদের নাম বলতে পারছি না।’

নারায়ণঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান গণমাধ্যমকে বলেন, ‘মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লিসহ সবার উপচে পড়া ভিড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বশীলদেরকে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেছি। আমরাও ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গে কথা বলেছি। আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেবো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’