স্বর্ণ-মাদক চোরাচালানে সম্পৃক্তের অভিযোগে যুবদলের ৩ নেতাকে শোকজ
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর ও মাগুরার তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
রবিবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এই শোকজ দেওয়া হয়।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল ও যশোরের শার্শা উপজেলার যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
নোটিশে উল্লেখ করা হয়, ‘সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে এ জাতীয় নেতিবাচক সংবাদ দলের জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।’
নোটিশে আরও বলা হয়, ‘এ প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
বলা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড চালানোর ন্যূনতম সুযোগ যুবদলে নেই।
এ বিষয়ে যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা সাংবাদিকদের বলেন, ‘নোটিশ পেয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে দেখা করতে বলায় আগামীকাল (৫ মে) ঢাকায় যাব।’
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদও এই নোটিশ ইস্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশা করি, নোটিশপ্রাপ্ত নেতারা নির্দোষ প্রমাণিত হবেন।’