৩০ এপ্রিল ২০২৬, ১৬:১১

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মনিরা শারমিন

মনিরা শারমিন  © সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়ন বাতিল নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪ টা নাগাদ মুঠোফোন আলাপে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

তিনি জানান, রিট আবেদন করতে হাইকোর্টে অবস্থান করছেন তিনি। হাইকোর্ট যে সিদ্ধান্তই দেবেন, তা তিনি মেনে নেবেন বলেও জানান।

মনিরা শারমিন বলেন, সংরক্ষিত নারী আসনের মূল উদ্দেশ্য ও প্রেক্ষাপট বিবেচনায় রেখে আদালত একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেবেন। আইনের কেবল টেক্সচুয়াল ব্যাখ্যার বাইরে গিয়ে এর প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করা জরুরি।

তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে অযোগ্য হওয়া সত্ত্বেও বিএনপির প্রার্থীদের বৈধতা দেওয়া হয়েছে। এ অবস্থায় আইনের সমতা নিয়ে প্রশ্ন উঠছে। যদি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না হয়, তবে তা দুর্বল ও ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এসব বিষয়েই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান তিনি।