১৮ এপ্রিল ২০২৬, ২০:০৫

মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই ফিরে আসা জরুরি: নাছির

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির  © সংগৃহীত

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মিথ্যা প্রোপাগান্ডা নয় বরং শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই ফিরে আসা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শনিবার (১৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুকে তিনি লিখেন, ‘শহিদ শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুনিদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল শুরু থেকেই এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা আদায়ের কৌশল হিসেবে ব্যবহার করেছে এবং হাদির নামকে নিজেদের সংকীর্ণ স্বার্থে কাজে লাগাতে চেয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হয়; এমনকি সাদিক কায়েমও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন, যা পরে প্রত্যাহার করতে হয়। ঢাকা মেডিকেলে গিয়েও কিছু ব্যক্তি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলেও তিনি সংযম বজায় রাখেন। পরবর্তীতে বিএনপি সরকারের কূটনৈতিক তৎপরতায় পলাতক খুনিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় ‘

তিনি লেখেন, ‘এদিকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তুলে প্রোপাগান্ডা চালানো হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুল লেখাটি ইনকিলাব মঞ্চের এক সদস্যই লিখেছেন, ফলে সংশ্লিষ্টরা পোস্ট সরিয়ে নিতে বাধ্য হন। সাম্প্রতিক সময়ে আরও কিছু গোষ্ঠী মিথ্যা ও গুজবনির্ভর বয়ান ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে এবং নির্বাচিত নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাই মতভেদ থাকলেও মিথ্যা প্রোপাগান্ডা নয়, বরং শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই ফিরে আসা জরুরি।’

সেখানে গুজবের উত্থান নিয়ে তিনি আরও লিখেন, ‘সাম্প্রতিক সময়ে মিথ্যা প্রোপাগান্ডাভিত্তিক এ রকম আরও একটি গোষ্ঠীর উত্থান দেখা যাচ্ছে৷ বামপন্থী বা ডানপন্থি তকমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিচরণকারী নতুন এই গোষ্ঠীটি বাংলাদেশের জনগণের বিপুল ম্যান্ডেট পেয়ে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্যবস্তু বানিয়ে মিথ্যা ও গুজবনির্ভর বয়ান প্রচারের নেমেছে৷ এই গোষ্ঠীর পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে আওয়ামী লীগের মিথ্যা ও ভ্রান্ত বয়ান৷ বামপন্থী বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় এবং জামায়াত জোটের দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধান- এই দুই আত্মমগ্ন নেতা এই গোষ্ঠীটিরই প্রতিনিধিত্ব করছেন। দেশের রাজনৈতিক অঙ্গনকে বিষাক্ত ও কলুষিত করাই তাদের লক্ষ্য বলে মনে হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও লেখেন, ‘গণতান্ত্রিক সমাজে শিষ্টাচারহীন অসুস্থ আচরণ চলতে পারে না। এখন যারা রাজনৈতিক শিষ্টাচারকে অবজ্ঞা  করছেন, তাদেরও উচিত হবে জনগণের শক্তির বিষয়টি মাথায় রাখা।’