১০ এপ্রিল ২০২৬, ২১:৪৪

বিএনপির মনোনয়ন ফরম কিনলেন খোন্দকার দেলোয়ার কন্যা ডা. লুনা

খোন্দকার দেলোয়ার ও তার কন্যা ডা. লুনা  © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলীয় ফরম বিক্রির প্রথমদিন আজ শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কিনেছেন দলটির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কন্যা ডা. খোন্দকার আখতারা খাতুন লুনা। 

বাংলাদেশের রাজনীতিতে ক্রান্তিকাল ও চরম সংকটের মুহূর্ত ‘ওয়ান-ইলেভেনে’ বিএনপিকে ভাঙ্গণ থেকে রক্ষা ও বিরূপ প্রতিকূলতা কাটিয়ে দলকে রক্ষা করার কারিগর বলা হয় প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তার বড় পুত্র তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী) তারেক রহমান এবং রাজনীতির বাইরে থাকা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দলের সিনিয়র নেতাদের অনেকে বিএনপি থেকে জিয়া পরিবার তথা খালেদা জিয়াকে নেতৃত্ব থেকে সরাতে ‘সংস্কারপন্থী’ গ্রুপ তৈরি করে এমনকি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের দখলও নিয়ে নেন তারা। 

‘সংস্কারপন্থী’দের সঙ্গে যেসব নেতা হাত মেলাতে অস্বীকার করেন, তাদের অধিকাংশরই ঠাঁই হয় কারাগারে। ঠিক এই সময় জেলে যাওয়ার রাতে বিশ্বস্ত বর্ষীয়ান রাজনীতিক খোন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিব করে যান চেয়ারপার্সন খালেদা জিয়া। 

রাজনীতির সেই সেই চরম প্রতিকূলতার সময় গুটি কয়েক মাঝারি সারির নেতা ও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা লাখ লাখ সাধারণ নেতাকর্মীদের নিয়ে বিএনপিকে রক্ষা করেন খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি তার ওপর দলের চেয়ারপার্সনের দেওয়া অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। চরম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে শুধু বিএনপির রাজনীতিই নয়, কার্যত দেশের রাজনীতিকেও রক্ষা করেন দেশের রাজনীতির প্রবীণ সেই নেতা। বিনিময়ে তিনিও তৎকালীন সেনাসমর্থিত সরকারের বিশেষ গোয়েন্দা বাহিনীর নির্যাতন, ভয়-ভীতি উপেক্ষা করেন।

বিএনপির ক্রান্তিকালের সেই মহাসচিবের কন্যা ডা. লুনা সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করে বলেন, আমি বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকে বিএনপি করি। বাবার পাশে থেকে এই দলকে দেখেছি। আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতি করে। আমরা মনে প্রাণে এই দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি।

তিনি বলেন, সর্বোপরি দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের পথ প্রদর্শক। তার দর্শন নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। আমার জীবন বিএনপিকে ঘিরে, আমার মন বিএনপিকে নিয়ে। আমার এলাকা মানিকগঞ্জের মানুষজন চায় আমি সংসদ সদস্য হই।

ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। ওই সময়ের কথা বলতে গিয়ে লুনা ও তার ছোট ভাই খন্দকার আকতার হামিদ পবনকে আবেগপ্রবণ হয়ে পড়েন। 

খোন্দকার দেলোয়ার পরিবারের আরেক সদস্য মনোনয়ন সংগ্রহ করা জেরিন দেলোয়ার হোসেন বলেন, আমি কাজ করতে চাই, এটাই আমার প্রত্যাশা। আমি মহিলাদের জন্য, কন্যা শিশুদের জন্য ৩০ বছর ধরে কাজ করে আসছি একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্ম থেকে। আমাদের চুপ থাকার সময় চলে গেছে। এখন কথা বলতে হবে। দেখাতে হবে যে, আমরা ‘না’ বলতে পারি।

গত বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল। সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।