০৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতাকর্মীরা  © সংগৃহীত

সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতেবুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। কর্মসূচিতে নেতাকর্মীরা ৮ দফা দাবি তুলে ধরে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন।

মানববন্ধনে মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগরী নেতাকর্মীসহ শত শত সদস্য উপস্থিত ছিলেন। মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা সরকারের নীতি ও সংবিধান অনুসরণে দ্বিমুখী আচরণের বিষয়টি নিয়ে সমালোচনা করেন। সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বর্তমান সরকারের অরাজক পরিস্থিতি এবং জনগণের মৌলিক প্রত্যাশা পূরণে ব্যর্থতার বিষয়েও অভিযোগ তুলেছেন।

কেন্দ্রীয় রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবীবা চৌধুরী সুইট সাওদা সুমির মুক্তির বিষয়টি স্বাগত জানিয়ে পুনরাবৃত্তি রোধে সরকারের সতর্কতার আহ্বান জানান। আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নী বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি হিসেবে আখ্যায়িত করেন।

প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু নাগরিক স্বাধীনতা ও নারীর অধিকার রক্ষার আহ্বান জানান। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়শা পারভীন ফেসবুকে নারী বিদ্বেষমূলক প্রচারণা বন্ধের দাবি করেন।

মানববন্ধনে জামায়াত মহিলা বিভাগ ৮ দফা দাবি পেশ করে, যার মধ্যে রয়েছে সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতার ইন্ধনদাতাকে গ্রেফতার করা; মধ্যরাতে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার বন্ধ করা; গ্রেফতার ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শাস্তি নিশ্চিত করা; তেল ও গ্যাস সংকট মোকাবিলায় বিরোধী দলের সঙ্গে আলোচনা; বিএনপির ওপর হামলা ও উল্টো মামলা প্রতিরোধ; সংবিধান সংস্কার ও মৌলিক অধিকার পুনরুদ্ধার; বিচার বিভাগের স্বাধীনতা ও গুম সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্বহাল এবং অটিস্টিক শিশুর মাকে মধ্যরাতে বিচ্ছিন্ন করার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা।