মির্জা ফখরুলকে যে প্রশ্ন করলেন আখতার
রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন, রাস্তাঘাট রুটিন পাকাকরণ কার্যক্রমের অতিরিক্ত হিসেবে সরকার পাকাকরণের কোনো মেগা প্রকল্প গ্রহণ করবে কি-না।
আজ রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের মাধ্যমে স্থানীয় সরকার ও প্রকৌশল মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন করেন রংপুরের এ সংসদ সদস্য।
আখতার হোসেন বলেন, সরকার বিভিন্ন সময়ে মেগা প্রকল্প গ্রহণ করে যার মাধ্যমে দেশ এগিয়ে যায়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি যাতে সঠিকভাবে হয়, মানুষ যাতে তাদের বাড়ি পর্যন্ত অন্তত অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে পারে সে ব্যাপারে মন্ত্রী মহোদয় এবং সরকার কি কোনো উদ্যোগ নেবে? এছাড়া রুটিন পাকাকরণ কার্যক্রমের অতিরিক্ত হিসেবে সরকার পাকাকরণের মেগা প্রকল্প গ্রহণ করবে কি না সে ব্যাপারে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আখতার হোসেন বলেন, আমার নির্বাচনী এলাকায় এমন কিছু এলাকা দেখেছি যেখানে প্রত্যন্ত চরাঞ্চল। বর্ষাকালে মানুষেরা তাদের বাড়িতে পৌঁছাতে পারেন না। বাজারে যথাসময়ে পণ্য পৌঁছাতে না পারার ফলে পণ্যের মূল্যমান কমে আসে। আবার শীতকালে ধুলাবালির জন্য যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়।
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আরও বলেন, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে আমার সাংসদীয় আসন। কাউনিয়াতে ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৯৮ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। কাঁচা আছে ৩৩৭ কিলোমিটার। পীরগাছায় ৮৪২ কিলোমিটার রাস্তার মধ্যে পাকা হয়েছে মাত্র ২৯১ কিলোমিটার। কাঁচা আছে ৫৪২ কিলোমিটার। রংপুর-৪ আসনের ১৩৭৭ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৪৮৯ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে, বাকি ৮৮১ কিলোমিটারই এখনও কাঁচা।