স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ‘আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেয়া হয়নি।’
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি-না, স্পষ্ট জবাব পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, রাজপথে কর্মসূচি চলমান থাকবে। ‘বিএনপি জয় পাওয়ার পির নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ’৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি।’
নাহিদ ইসলাম সতর্ক করেন, ‘সরকারি দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো।’
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের পক্ষের ৭০ ভাগ মানুষের রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। তাদেরাও গণভোট হ্যাঁয়ের পক্ষে প্রচার চালিয়েছিলেন। কিন্তু তারা দ্বিচারিতামূলক আচরণ করছেন।’