১৫ মার্চ ২০২৬, ১৩:৫৭

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে  © টিডিসি ফটো

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, বর্তমানে যে হেডফোন ব্যবস্থাটি রয়েছে, তা মাথার ওপর বড় একটি বোঝার মতো। এত বড় বোঝা নিয়ে এক থেকে দুই ঘণ্টা এটি ব্যবহার করে বসে থাকা সদস্যদের জন্য কষ্টকর।

রবিবার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তরকালে তিনি বলেন, এত বড় একটি বোঝা মাথায় নিয়ে দীর্ঘ সময় বসে থাকা সবার জন্যই অস্বস্তিকর। এর চেয়ে সহজ কোনো ব্যবস্থা করা হলে ভালো হয়।

শাহজাহান চৌধুরী আরও বলেন, ১৯৯১ সালেও এমন ভারি হেডফোন ছাড়াই সংসদ পরিচালিত হয়েছে। একইভাবে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়ও সংসদের কার্যক্রম চলেছে। তার মতে, বর্তমান ব্যবস্থাটি অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সম্ভবত একটা বাজেট হয়েছিল, কিন্তু সেখান থেকে লুটপাট বাহিনীরা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। এজন্য সাউন্ড সিস্টেমটা সুন্দর করতে একটা সিম্পল হেডফোন দিলে আমরা শুনতে পাই। এছাড়াও সংসদের বিভিন্ন ব্যবস্থাপনা আধুনিকায়নের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন নিয়ে বিরোধীদলীয় এমপি মির আহমেদ বিন কাশেম অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, নিম্নমানের হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের মধ্যে চলে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, সংসদে দেওয়া হেডফোনটি আসলেই নিম্নমানের কি—না।

দ্য ডেইলি ক্যাম্পাসের অনুসন্ধানে হেডফোনটি দাম কত এবং মান কেমন—এ বিষয়গুলোর উত্তর পাওয়া যায়। সংসদে ব্যবহৃত ‘Shure’ ব্যান্ডের হেডফোনটির ‘SRH240A’ মডেলের। ‘Shure’ একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। এটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের মতো অডিও প্রোডাক্টের জন্য বিখ্যাত।

ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটে ঘেঁটে দেখা যায়, ‘SRH240A’ মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা (বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার রেট অনুযায়ী)। ওয়েবসাইটটিতে দেওয়া ব্যান্ডটির অন্য মডেলের হেডফোন গুলো মধ্যে এটাই সর্বনিম্ন দামের।

ব্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে, ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম ৩৮৯ মার্কিন ডলার। যা প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা। ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার, যা প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা। ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার, যা প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।