১৪ মার্চ ২০২৬, ২১:২৫

প্রধানমন্ত্রীকে ডা. মাহমুদা মিতুর খোলা চিঠি

প্রধানমন্ত্রীকে ডা. মাহমুদা মিতুর খোলা চিঠি  © টিডিসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। চিঠিতে তিনি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিএনপির সংসদ সদস্যদের আসনে শাড়ি ও থ্রিপিস বরাদ্দের বিষয়টিকে দুঃখজনক এবং হতাশাজনক বলে উল্লেখ করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রতি সকল নাগরিকের প্রতি সমান ইনসাফ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিয়ায়েড আইডিতে চিঠিটি পোস্ট করেন তিনি। 

চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন,  সংবিধান অনুসারে আপনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রধানমন্ত্রী,শুধু যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের নন, যারা ভোট দেননি তাদেরও। তাই সকল নাগরিকের প্রতি সমান ইনসাফ করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কেবল নিজ দলের এমপিদের এলাকার মানুষের জন্য শাড়ি ও থ্রিপিস বরাদ্দ দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়। আমরা বোধহয় আমাদের শত্রুর সাথেও এমন আচরণ করতে দু’বার ভাবতাম।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ ধরনের বৈষম্য অন্যায় দাবি করে মাহমুদা মিতু বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এটি শুধু একটি প্রশাসনিক ভুল নয়, বরং জনগণের প্রতি অবিচার। ৭০০টি শাড়ি ও ১০০টি থ্রিপিস খুব বড় কোনো বিষয় নয়। কিন্তু এর মাধ্যমে যে বার্তা গেছে, সেটিই গুরুতর। এই সিদ্ধান্ত দেখিয়েছে যে আপনি কেবল বিএনপির প্রধানমন্ত্রী হয়েছেন। সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি। এটি দুঃখজনক এবং হতাশাজনক।

এই এনসিপি নেত্রী বলেন, যারা বিষয়টির প্রেক্ষাপট জানেন না তাদের জন্য বলছি ,প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে কেবল বিএনপির এমপিদের এলাকায় বিতরণের জন্য ৭০০টি শাড়ি ও ১০০টি থ্রিপিস বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু জামায়াত ও এনসিপির এমপিদের এলাকা বাদ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে এ ধরনের আচরণ লজ্জাজনক এবং ছোট মনের পরিচয় বহন করে। রাজনীতি রাজার খেলা। সেখানে হৃদয়কে আকাশসমান প্রশস্ত রাখতে হয়।