বিরোধীদল নেতা ও উপ নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেলেন ডা. শফিকুর-তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলের নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। উপ নেতা হয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গত ১২ মার্চ সংসদের স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত একটি আদেশে এই প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্গের নেতা শফিকুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি ও বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে বলা হয়, 'বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১' অনুযায়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।
এর আগে, জামায়াত জোটের পক্ষ থেকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হলেও স্পিকার না থাকায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যায়নি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচন করা হয়। এরপরই তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।