প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ইফতার মাহফিল কর্মসূচি এনসিপির
"দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে", স্লোগানকে ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে বিভাগীয় পর্যায়ে ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ’। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহতরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন ও চিত্র প্রদর্শনীও আয়োজন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশব্যাপী বিভাগীয় ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী— ২ মার্চ: চট্টগ্রাম, ৩ মার্চ: কুমিল্লা, ৪ মার্চ: সিলেট, ৫ মার্চ: ময়মনসিংহ, ৬ মার্চ: ঢাকা, ৭ মার্চ: ফরিদপুর, ৮ মার্চ: বরিশাল, ৯ মার্চ: খুলনা, ১০ মার্চ: রাজশাহী, ১১ মার্চ: রংপুর, ১২ মার্চ: ঢাকা মহানগর, ১৩ মার্চ: ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ: ঢাকা মহানগর দক্ষিণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।